খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্‌যাপনের লক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা অনুদানের আবেদন জানিয়েছিল। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, অর্থাৎ মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিনি তিন কোটি টাকা অনুদান দেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ উদ্যোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়, চলতি ২০২৬ সালেও বড়দিন উদ্‌যাপনের জন্য দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অর্থ খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়েছিল।

তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন।