সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে এই টুর্নামেন্ট দিয়েই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সোবহানা মোস্তারি। দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তবে স্কোয়াডে ইনজুরির কারণে নেই তরুণ পেসার মারুফা আক্তার।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
গত ১৮ অক্টোবর নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নাহিদার নাম ঘোষণা করে বিসিবি। দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেওয়া জ্যোতি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর বাঁহাতি এই স্পিনারের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। এক বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সহ-অধিনায়ক করা হয় সোবহানা মোস্তারিকে।
নতুন নেতৃত্বের প্রথম পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামতে হচ্ছে বাংলাদেশকে। তবে জ্যোতি নেতৃত্ব ছাড়লেও দল থেকে সরে যাননি। অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার নতুন অধিনায়কের অধীনেই মাঠে নামবেন। ওয়ানডে দলের নেতৃত্ব অবশ্য এখনও তার হাতেই রয়েছে।
এবারের স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদেরও জায়গা দেওয়া হয়েছে। ব্যাটিং বিভাগে জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারের সঙ্গে রয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস এবং সাথী রানি। অলরাউন্ডার হিসেবে দলে আছেন স্বর্ণা আক্তার ও ঋতু মনি।
বোলিং বিভাগে অধিনায়ক নাহিদার সঙ্গে রয়েছেন রাবেয়া খান, ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। পেস আক্রমণে রাখা হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণা ও দিশা বিশ্বাসকে। সুযোগ পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনাও।
গত আগস্টে নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ঘোষিত স্কোয়াডের তুলনায় এবারের দলে তিনটি পরিবর্তন এসেছে। সেই দলের মারুফা আক্তার, সুলতানা খাতুন ও সারমিন সুলতানা এবার জায়গা পাননি। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা ও সাথী রানি।
আগামী ১২ থেকে ২৫ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত হবে নারী ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসর। গত আসরের আট দলের পরিবর্তে এবার অংশ নিচ্ছে ১০টি দল। পাঁচটি করে দল নিয়ে গঠন করা হয়েছে দুটি গ্রুপ।
বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। অন্যদিকে 'এ' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। পরদিন একই সময়ে সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি হবে নাহিদার দল।
এরপর ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুরু হবে বেলা ৩টা ১৫ মিনিটে।
দুই গ্রুপের সেরা তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে জায়গা পাবে। ২৫ নভেম্বর কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ দল : নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।