রাজশাহীতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। আজ শনিবার ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
রাজশাহীর ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন মাহমুদ জামাল। চার দশকেরও বেশি সময় ধরে তিনি খেলাধুলার উন্নয়ন ও প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন। দীর্ঘ সময় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অভিজ্ঞতার পরিধি ছিল বিস্তৃত। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৫ এবং ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব সামলেছেন মাহমুদ জামাল। সেই সময়ে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বর্তমানে বিসিবি নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলামের।
মাহমুদ জামালের স্মৃতিচারণা করে রফিকুল ইসলাম আজ মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন। অনেক ভালো ভালো কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য উনার অনেক অবদান আছে। এককথায় বললে উনি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। রাজশাহীর ক্রিকেটের জন্যও অনেক কাজ করেছেন। আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।’
সাবেক এই পরিচালকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং তাঁর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।