বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং প্রবীণ ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাহমুদ জামালের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ হিসেবে পরিচিত এই সংগঠক চার দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ও প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন।
দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মাহমুদ জামাল। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক কর্মকাণ্ডেও তার দীর্ঘদিনের সক্রিয় সম্পৃক্ততা ছিল। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হন মাহমুদ জামাল। পরবর্তীতে ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো তিনি বোর্ডের পরিচালক নির্বাচিত হন।
তার এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।