নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করার এক বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে আগ্রহী শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানটি দুই পৃথক ব্যাচে মোট ১২ জন ইন্টার্ন নিয়োগ করতে যাচ্ছে। তিন মাস মেয়াদি এই ইন্টার্নশিপ কর্মসূচিতে অংশগ্রহণকারী নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়া ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করার পর তাদের সনদ প্রদান করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন—এই দুই মেয়াদে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ব্যাচে ছয়জন করে মোট ১২ জন ইন্টার্ন নেওয়া হবে।
আবেদনের যোগ্যতার বিষয়ে জানানো হয়েছে যে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নদী গবেষণা ইনস্টিটিউটের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনকারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত হলো, ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলোর তালিকায় রয়েছে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিকস, হাইড্রোলজি, পরিবেশ প্রকৌশল, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬।
আবেদন ফরমের লিংক এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://rri.gov.bd/pages/notices/internship-notice-ozlo16-6ae836895703c40cec858d4f এই ঠিকানায়।