হাতে জীবনবৃত্তান্ত আর চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন নিয়ে সকাল থেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে দেখা গেল তরুণদের প্রবল প্রাণচাঞ্চল্য। দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং বহুজাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ খোঁজা, ইন্টার্নশিপের আবেদন এবং ক্যারিয়ার গড়ার সঠিক দিকনির্দেশনা পাওয়ার লক্ষ্যেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’ আয়োজন করা হয়।
গতকাল শনিবার (৩ অক্টোবর) এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (CCPC) উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে সহযোগিতা করেছে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা হেরিট্যাজ এবং জেসিআই ঢাকা ইমপ্যাক্ট।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরিফ নাফে আস-সাবের।
আয়োজক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করতে শুরু করেন। কেউ কেউ সরাসরি সিভি জমা দিয়েছেন, আবার কেউ কেউ প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।
পুরো ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে যারা নতুন চাকরিপ্রত্যাশী এবং ইন্টার্নশিপে আগ্রহী, তাদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করার সুযোগ পেয়েছেন।