শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গবেষণা ও থিসিস তৈরির সুযোগ সৃষ্টি করতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ব্রেন স্টেশন ২৩-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর এআইইউবির ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান, এফএসটির ডিন অধ্যাপক দীপ নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ব্রেন স্টেশন ২৩-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবির সহ-উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান এবং ব্রেন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস।
চুক্তির শর্তাবলি অনুযায়ী, এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং রিট্রিভাল-অগমেন্টেড জেনারেশন (আরএজি)-সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হবে। ব্রেন স্টেশন ২৩ তাদের বাস্তব প্রকল্পের জটিল সমস্যাগুলো শিক্ষার্থীদের গবেষণা ও থিসিসের কাজের জন্য উন্মুক্ত করবে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।
এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব এআই ও সফটওয়্যার প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন এবং ইন্টার্নশিপের সুযোগ পাবেন। দুই প্রতিষ্ঠান যৌথভাবে এআই বিষয়ক কর্মশালা, সেমিনার ও হ্যাকাথন আয়োজন করবে। এছাড়া, এআইইউবির ক্যারিয়ার ও ইনোভেশন ফেয়ারে ব্রেন স্টেশন ২৩ অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে এআইইউবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এফএসটির সহযোগী ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান, র্যাঙ্কিং অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট অফিসের পরিচালক অধ্যাপক মাশিউর রহমান এবং হেড অব পাবলিক রিলেশনস আবু মিয়া আকন্দ তুহিন। ব্রেন স্টেশন ২৩-এর পক্ষ থেকে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের প্রধান আসিফ হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।