বাংলাদেশে সিমেন্স ইডিএর বিভিন্ন পণ্য, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাসেবা প্রদানের দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছে প্রতিষ্ঠানটি। এই লক্ষ্য অর্জনে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি প্রেরিত একটি চিঠির মাধ্যমে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদনের কথা জানিয়েছে সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।

এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সাথে যুক্ত প্রতিষ্ঠান এবং প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর অত্যাধুনিক প্রযুক্তি ও সেবা প্রাপ্তির সুযোগ আরও বিস্তৃত হবে। একই সাথে দেশের দ্রুত বর্ধনশীল সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ এবং অ্যাডভান্সড প্যাকেজিং সহ সেমিকন্ডাক্টর তৈরির প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, “বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। এই সক্ষমতাকে উন্নত প্রযুক্তি, অবকাঠামো, বিনিয়োগ, আন্তর্জাতিক অংশীদারত্ব ও বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা গেলে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন, প্রযুক্তি ও ইন্টেলেকচুয়াল প্রপার্টির মতো উচ্চমূল্যের খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।”

সিমেন্স ইডিএর পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ বলেন, “পেন্টা গ্লোবালকে অনুমোদন দেওয়া একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মাইলফলক। সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় লক্ষ্যকে সমন্বয় করার মাধ্যমে আমরা শুধু একটি নতুন বাজারে প্রবেশ করছি না, বরং শুরু থেকেই একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।”

অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে পেন্টা গ্লোবাল এখন থেকে বাংলাদেশে সিমেন্স ইডিএর প্রযুক্তি, প্রশিক্ষণ এবং টেকনিক্যাল সাপোর্ট সেবা পাওয়ার প্রধান স্থানীয় মাধ্যম হিসেবে কাজ করবে। এর ফলে দেশের প্রকৌশলী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সেমিকন্ডাক্টর শিল্পপ্রতিষ্ঠানের সাথে আন্তর্জাতিক প্রযুক্তি ও বৈশ্বিক বাজারের সংযোগ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।