ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে নির্বাচিত দুই সংসদ সদস্য আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ করবেন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সচিবালয়ের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনস্থ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (৩২৩ মহিলা আসন-২৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। পরবর্তীতে ৩১ অক্টোবর তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।