দেশের একমাত্র উৎপাদনশীল খনি দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি উত্তোলনের ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। চলতি বছরের অক্টোবর মাসে ছুটির দিনগুলো বাদ দিয়ে মোট এক লাখ ৫০ হাজার মেট্রিক টনের অধিক পাথর উত্তোলন করা সম্ভব হয়েছে, যা খনিটির ইতিহাসে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সময়ে খনি থেকে দৈনিক গড়ে প্রায় ৬ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের অক্টোবরে এই খনি থেকে মোট ১ লাখ ৪৯ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছিল।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে খনির বিভিন্ন ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুত রাখা হয়েছে।
এই সাফল্য প্রসঙ্গে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, “আমদানি করা পাথরের সঙ্গে সমন্বয় করে খনির উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে। জিটিসির পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। বর্তমানে খনিতে পাথর বিক্রিও বেড়েছে।”
ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায়, ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেট্রোবাংলার ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০০৭ সালের ২৫ মে খনিটি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুর দিকে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হলেও বর্তমানে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি)-এর দক্ষ ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।