বৈশ্বিক স্বাস্থ্য খাতের নারীদের নেতৃত্ব বিকাশ এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে ২০২৭–২৮ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ 'লিড' (LEAD) ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 'LEAD' শব্দটির পূর্ণরূপ হলো— Learn, Engage, Advance and Disrupt।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগের যৌথ উদ্যোগে এই এক বছর মেয়াদী ফেলোশিপটি আয়োজন করা হচ্ছে। মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের কথা মাথায় রেখে এই প্রোগ্রামটি সাজানো হয়েছে। নির্বাচিত ফেলোরা অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি উপস্থিত থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এই বিশেষ ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।
ফেলোশিপের বিস্তারিত কর্মসূচি অনুযায়ী, এই কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর এবং শেষ হবে ২০২৮ সালের ৩১ আগস্ট। পুরো ১২ মাস ধরে চলবে অনলাইন পাঠক্রম। এরপর ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ। এই দীর্ঘ সময়ে প্রশিক্ষণার্থীরা ব্যক্তিগত নেতৃত্ব বিকাশের বিভিন্ন কৌশল শিখবেন এবং অভিজ্ঞ মেন্টরদের পরামর্শ পাবেন। এছাড়া হার্ভার্ডের দক্ষ শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
আবেদনকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। ফেলোশিপ চলাকালীন সুবিধাগুলোর মধ্যে রয়েছে:
*যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া।
*কর্মসূচি চলার সময়ে আবাসনের ব্যবস্থা।
*জে-১ ভিসা ফি।
*যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতা।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; তবে শিক্ষার্থী অবস্থায় করা কাজ অভিজ্ঞতার হিসেবে গণ্য হবে না। এছাড়া প্রার্থীর নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা থাকতে হবে। আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে থাকার সুযোগ থাকতে হবে। আবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতি নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ফেলোশিপের মেয়াদে অন্য কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না।
হার্ভার্ড জানিয়েছে, বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের প্রার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্য এই আবেদন প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে। তবে প্রার্থীকে অবশ্যই নিজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে যে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা ও নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় হিসেবে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।