যুক্তরাষ্ট্রে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন অভিবাসন ও ভিসা নিয়মাবলির প্রেক্ষিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই নতুন নিয়মের কারণে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার মেয়াদ এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়গুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী অফিস কর্তৃক প্রকাশিত পরামর্শে বলা হয়েছে, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছেন এবং শরৎকালীন সেমিস্টারে ক্যাম্পাসে ফিরতে চান, তারা ১৫ সেপ্টেম্বরের আগে দেশটিতে প্রবেশের বিষয়টি বিবেচনা করতে পারেন। নতুন নিয়মে 'ডিউরেশন অব স্ট্যাটাস' (Duration of Status) ব্যবস্থাটি পরিবর্তন করে এর পরিবর্তে 'অ্যাডমিট আনটিল ডেট' (Admit Until Date) নির্ধারণ করা হবে।
এফ-১ এবং জে-১ ভিসাধারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদনের ক্ষেত্রে এখন একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে। এর ফলে পড়াশোনার মেয়াদ এবং বৈধভাবে থাকার অনুমতির সময়সীমার মধ্যে সমন্বয় রক্ষা করা শিক্ষার্থীদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে যাদের শিক্ষাক্রম চার বছরের বেশি সময় ধরে চলছে, তাদের জন্য বাড়তি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। অনেক পিএইচডি শিক্ষার্থী এই শ্রেণির অন্তর্ভুক্ত। চার বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে থাকার অনুমতির মেয়াদ বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হতে পারে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার সময় যারা যুক্তরাষ্ট্রে বৈধ শিক্ষার্থী স্ট্যাটাসে থাকবেন, তাদের ক্ষেত্রে কিছু অন্তর্বর্তী সুরক্ষা থাকলেও ১৫ সেপ্টেম্বরের পর যদি তারা যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আবার প্রবেশ করেন, তবে তারা নতুন নিয়মের আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে হার্ভার্ডের আন্তর্জাতিক অফিস শিক্ষার্থীদের ভ্রমণের আগে তাঁদের ভিসা, আই-২০ বা ডিএস-২০১৯ এবং আই-৯৪ নথি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা থাকলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে পরামর্শ করতেও বলা হয়েছে।
নতুন নিয়মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, পড়াশোনা শেষ করার পর এফ-১ শিক্ষার্থীদের জন্য প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাক্রম বা ডিগ্রির স্তর পরিবর্তনের ক্ষেত্রেও নতুন অনুমোদন-সংক্রান্ত শর্ত কার্যকর হতে পারে।