মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি দশম গ্রেড দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম। তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যেন এই প্রক্রিয়া সম্পন্ন করতে আর কোনো প্রকার কালক্ষেপণ করা না হয়।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের কনফারেন্স রুমে এক রুকন সম্মেলনের আয়োজন করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত বক্তারা তাদের দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সভাপতির আসনে ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এবং মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও মহানগরী দক্ষিণ সভাপতি মো. রিপন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড একটি মৌলিক দাবি। স্বাস্থ্য বিভাগকে কার্যকরভাবে ঢেলে সাজাতে হলে এ পেশার উন্নয়ন জরুরি।’
তিনি এই বিষয়ে ফাইল দীর্ঘ সময় ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে থাকার ঘটনা নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত দিনে যারা এ প্রক্রিয়া আটকে রেখেছিল, তাদের ভূমিকা অত্যন্ত দুঃখজনক।’
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও উল্লেখ করেন যে, ‘দশম গ্রেড কোনো দলীয় অ্যাজেন্ডা নয়, এটি স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। আর কালক্ষেপণ না করে সরকার ও বিরোধী দল—সবাই মিলে এটি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া উচিত।’
পাশাপাশি তিনি সংগঠনের সদস্যদের দেশের সেবা এবং সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. রিপন শিকদার বলেন, ‘দশম গ্রেডসহ পেশাগত মৌলিক দাবি আদায়ে অতীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যেভাবে সামনে ছিলেন, আগামীতেও একইভাবে রাজপথে সোচ্চার ভূমিকা রাখবেন।’
উক্ত অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিভাগের সহসভাপতি সালেহীন আবেদিন তানিম এবং নাজমুল হুদা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি মাসুম রেজা।