আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম দেশের বাজারে প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একটি চক্র। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব স্বর্ণ আটক করা হয়। পরবর্তীতে রাতে এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।
কাস্টমস গোয়েন্দাদের বরাত দিয়ে আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে তাকে ফ্লাইট থেকে অফলোড করা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।
পরবর্তী সময়ে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর সহযোগিতায় তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
এদিকে একই সময়ে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। দ্বিতীয় দফায় উদ্ধার করা স্বর্ণের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম বলেও জানিয়েছেন এনবিআর কর্মকর্তা আল-আমিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কাস্টমস গোয়েন্দারা জানান, স্বর্ণের ডিমগুলো আগেই আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুটি ঘটনায় উদ্ধার হওয়া ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
স্বর্ণ উদ্ধারের ঘটনায় এর উৎস, দেশে আনার প্রক্রিয়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।