বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্রের মাধ্যমে রেলপথে পণ্য পাঠিয়ে চোরাচালানের এক নতুন ও অভিনব কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এবং বুধবার (১৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দারা। এসব অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ, ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইল ফোন এবং মদজাতীয় পানীয় জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ চোরাচালানের এই নতুন কৌশলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ইথিওপিয়া থেকে আসা ইথিওপিয়ান এয়ারলাইন্সের (ইটি-৬৮০) যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি অননুমোদিত ওষুধ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সামনে আসে কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে তল্লাশির সময়। মঙ্গলবার সেখানে পরিচালিত অভিযানে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী গৌরি ক্রিম ও ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।

তদন্তে জানা গেছে, পণ্যগুলো আকাশপথে দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র (এয়ারপোর্ট সর্টিং সেন্টার) ও কমলাপুরের আরএমএস সেন্টার হয়ে রেলপথে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) পাঠানোর পরিকল্পনা ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক ডাক ব্যবস্থাকে ব্যবহার করে চোরাচালানের এক নতুন ছক উন্মোচিত হয়েছে।

এছাড়া গত মঙ্গলবার বিভিন্ন ফ্লাইটের ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই মোবাইল ফোন, ২৮৮ কার্টন বিদেশি সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম ও ১৭ লিটার মদ জব্দ করা হয়। পরদিন বুধবার ব্যাংকক থেকে আগত থাই এয়ারওয়েজ ও মাসকট থেকে আগত সালাম এয়ারের যাত্রী এবং পরিত্যক্ত কার্টন থেকে আরও ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি কসমেটিকস ও ১৮ দশমিক ১৮ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

এনবিআর কর্মকর্তা জানান, দুই দিনের এই সমন্বিত অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, বিমানবন্দর থেকে ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ স্কিন ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী, ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং ১৭ লিটার মদ জব্দ করা হয়েছে।

সিআইআইডি জানিয়েছে, শুল্ক ফাঁকি ও রাজস্ব চুরি প্রতিরোধের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে কড়া নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।