আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশটির রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গত রোববার (১ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার উপস্থিত হয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির নিকট ডা. শফিকুর রহমানের প্রেরিত চিঠিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি এবং তাঁর সহধর্মিণী মিসেস মেরিয়েম সাইদানি এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

জামায়াত আমিরের প্রেরিত ওই চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ অন্যান্য ব্যক্তিবর্গ।