তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই মজুরি বোর্ড ঘোষণা করা হবে।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, রোববার (১ নভেম্বর) থেকেই মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি শিল্পকারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম সচল রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। মন্ত্রী উল্লেখ করেন যে, শ্রমিক নেতাদের সঙ্গে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং সরকার পর্যায়ক্রমে তাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার সব শ্রমিক ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাব। আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।’
মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি আশা করি, আগামী দু-এক দিনের মধ্যেই, মানে রোববার থেকে শ্রমিক ভাইদের কাঙ্ক্ষিত যেটা, সেটা নিয়ে কার্যক্রম শুরু হবে।’