বাংলাদেশের প্রথিতযশা ব্যবসায়ী ও উদ্যোক্তা কে এম মোজিবুল হক জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা তারো আসোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার জাপানের পার্লামেন্টে অবস্থিত তারো আসোর ব্যক্তিগত কার্যালয়ে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মোজিবুল হক বর্তমানে শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের এই হৃদ্যতাপূর্ণ সম্পর্কের সূত্রপাত তিন দশকেরও বেশি আগে, যখন তাঁরা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) কার্যক্রমের মাধ্যমে একে অপরের পরিচিত হন। তারো আসোকে একজন অত্যন্ত অভিজ্ঞ, দূরদর্শী এবং অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে মোজিবুল হক বলেন, “দীর্ঘদিন পর তাঁর সঙ্গে আবার সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত।”

সাক্ষাৎকারের এক পর্যায়ে তাঁরা একে অপরের ব্যক্তিগত খোঁজখবর ও কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও জোরদার করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মোজিবুল হক আগামী বছরগুলোতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার জন্য তারো আসোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। উল্লেখ্য, মোজিবুল হক উক্ত বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।