জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ করতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পূর্ব ৪৬ স্ট্রিটের ৩১৫ নম্বর ঠিকানায় অবস্থিত আরব আমিরাতের রাষ্ট্রদূতাবাসে এই বৈঠকটি সম্পন্ন হয়।

বৈঠকে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গভীর আলোচনা করা হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারিত্ব, জনশক্তি প্রবাহ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়।

প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর জোর দেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।