চোখে দৃষ্টিশক্তি নেই, তবে অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর অধ্যবসায়ে অনন্য সাফল্য অর্জন করেছেন তাহমিনা আক্তার মৌমি। এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তিনি নিজের মেধা ও কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মৌমি সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠান গ্রিন ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) একজন আবাসিক শিক্ষার্থী। পড়াশোনার জন্য তিনি সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন।
পারিবারিক পরিচয় অনুযায়ী, মৌমি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল আহাদ এবং মায়ের নাম আমিনা আক্তার পুষ্প। দৃষ্টিপ্রতিবন্ধকতার মতো সীমাবদ্ধতাকে জয় করে তাঁর এই অসাধারণ সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত জিডিএফ কর্তৃপক্ষ।
এই বিষয়ে জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান বলেন, “মৌমি প্রথম শ্রেণি থেকেই আমাদের আবাসিক শিক্ষার্থী। তার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
তিনি আরও জানান, এইচএসসি পরীক্ষায় মৌমির শ্রুতিলেখক হিসেবে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন পল্লব রায়। উল্লেখ্য, মৌমি এর আগে হাজী আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।