জন্মগতভাবে দৃষ্টিশক্তি হারানো নওগাঁর মো. শাকিল ক্যাম্পাসে সেকশন অফিসার পদে নিয়োগ পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেও দীর্ঘদিন চাকরি না পাওয়া শাকিলের সংগ্রামের কথা শুনে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম উদ্যোগ নেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরা হয়।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শাকিলের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তাঁর চাকরির বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের শাকিল ছোটবেলা থেকেই দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে নানা সীমাবদ্ধতার মধ্যে পড়াশোনা চালিয়ে যান। তিনি নওগাঁ সদর উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদলগাছীর বালুভরা উচ্চবিদ্যালয় এবং বদলগাছী সরকারি কলেজ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

শাকিল জানান, লেখাপড়া শেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভা বোর্ডে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার কারণে চাকরি পাননি। এতে একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তিনি। তবে নিজের শিক্ষাজীবন ও সংগ্রামের কথা সংসদ সদস্য জাহিদুল ইসলামের কাছে তুলে ধরলে চাকরির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়।

উচ্চশিক্ষা অর্জনের পথে শাকিলের ছোট ভাই সাব্বির ও বন্ধু গৌতম শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করেছেন।