২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের সম্মিলিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। সামগ্রিক ফলাফলে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, যাদের পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বোর্ড, যেখানে পাসের হার মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ। শিক্ষা বোর্ডগুলো থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮৩ শতাংশ বলে দেখা গেছে।

রাজধানীর বেশ কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের চিত্র বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে হলি ক্রস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও ঢাকা কলেজের পাসের চিত্র নিচে তুলে ধরা হলো—

হলি ক্রস কলেজ
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রাজধানীর হলি ক্রস কলেজে এবার এইচএসসিতে ১ হাজার ২৯৮ জন শিক্ষার্থী পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন। কলেজটিতে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। চলতি বছর এইচএসসি পরীক্ষায় হলিক্রস কলেজ থেকে ১ হাজার ৩০৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৭৭০ জন পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন। মানবিক বিভাগে ২৫৫ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৩ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন। সব মিলিয়ে হলিক্রস কলেজে ৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ভিকারুননিসা
গত বছরের তুলনায় এবার এইচএসসিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। গত বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪১৬ জন। এ বছর ভিকারুননিসায় পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ।

ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। অকৃতকার্য হয়েছেন ১৩৯ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭০২ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে ফেল করেছেন ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। আর মানবিক বিভাগে পাস করেছেন ২৭৪ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ১৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন শিক্ষার্থী। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬২ জন। ফেল করেছেন ১২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

নটর ডেম কলেজ
ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর কলেজটি থেকে ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী।

কলেজটির এইচএসসি পরীক্ষার বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থীরা। এ বিভাগে ২ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। ফেল করেছেন ২৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন। অকৃতকার্য হয়েছেন ৭ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮০ জন। ফেল করেছেন ২২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন শিক্ষার্থী।

রাজউক উত্তরা মডেল কলেজ
রাজধানীর শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে এবার এইচএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। এই প্রতিষ্ঠানে এবার জিপিএ-৫ পেয়েছেন ৮২৯ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ১০ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৬৩৬ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৬৩৬ জন। তাদের মধ্যে ১ হাজার ৬২৬ জন উত্তীর্ণ হয়েছেন। আরও জানা গেছে, এই প্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩৮১ জন, অনুত্তীর্ণ হয়েছেন ৩ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন। মানবিকে উত্তীর্ণ হয়েছেন ১২১ জন, অনুত্তীর্ণ হন ১ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন শিক্ষার্থী। বিজ্ঞানে উত্তীর্ণ হয়েছে ১১২৪ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৬। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৯৮ জন শিক্ষার্থী।

ঢাকা কলেজ
এবার এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজে গত বছরের তুলনায় পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালে কলেজটিতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৭ শতাংশ। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৮ শতাংশে। তবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৬৯ জন।

চলতি বছর ঢাকা কলেজ থেকে ১ হাজার ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। অকৃতকার্য হয়েছেন ৭ জন। চলতি বছর ঢাকা কলেজে বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে ৮৫৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৪১ জন। মানবিক বিভাগে ১৪৬ জন পাস করে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।