চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে যে, বগুড়া জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেননি। সব প্রতিষ্ঠানেরই পাশের হার শূন্য শতাংশ।
যে প্রতিষ্ঠানগুলোর কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি, সেগুলো হলো— গাবতলীর তছলিম উদ্দিন তরফদার কলেজ, বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত ফলাফলের তথ্যানুসারে, গাবতলীর তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তবে তাদের প্রত্যেকেই অকৃতকার্য হয়েছেন। একইভাবে বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।
ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। এছাড়া আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তিনিও অকৃতকার্য হয়েছেন।