দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পেশাদার ফুটবলে দাপটের সাথে খেলছেন আশরাফ হাকিমি। এই সময়ের মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। একাধিকবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করেছেন এবং দুটি ভিন্ন দেশে লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। একজন রাইটব্যাক হিসেবে গোল করার ক্ষেত্রেও তাঁর পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। তবে এত সাফল্যের মাঝেও একটি খামতি রয়ে গিয়েছিল তাঁর ক্যারিয়ারে—তা হলো একটি হ্যাটট্রিক করার অভাব।

গতকাল রাতে লিগ আঁ-তে লা হাভ্রের মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচে ৫–১ গোলের বিশাল জয় পায় প্যারিস সেন্ট জার্মেই এবং সেই সাথে শেষ হয় হাকিমির দীর্ঘ প্রতীক্ষা। এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে নিলেন তিনি। শুধু তাই নয়, পেশাদার ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে দুটি গোল করার অনন্য কীর্তিও গড়েন এই মরক্কো তারকা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমের হিসেবে এক ম্যাচে পাঁচ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রাখার চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম লিখালেন হাকিমি। এর আগে ২০২২ সালে পিএসজির হয়েই এই নজির গড়েছিলেন নেইমার। এছাড়া ২০১৫–১৬ মৌসুম থেকে হিসাব করলে দেখা যায়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ডিফেন্ডার হিসেবে এক ম্যাচে ৫ গোলে অবদান রাখার একমাত্র খেলোয়াড় এখন হাকিমি। আরও একটি বিশেষ দিক হলো, ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানায় আসার পর অফিশিয়াল প্রতিযোগিতায় পিএসজির ২০০০তম গোলটিই করেছেন হাকিমি।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় পিএসজি টিভিকে হাকিমি বলেন, ‘আমার জন্য এটি একটি দারুণ (স্থানীয় সময়) সন্ধ্যা, বিশেষ করে আমরা জয় পাওয়ায় এবং পাশাপাশি এটি আমার প্রথম হ্যাট্রিকও। আমি খুবই আনন্দিত এবং এ জার্সিতে যতটা বেশি সম্ভব গোল করতে চাই।’

হাকিমির এই দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি এক অনন্য রেকর্ড গড়লেন পিএসজি কোচ লুইস এনরিকে। ২০২৩ সালে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তাঁর ১২৭তম জয়। এর আগে লঁরা ব্লাঁর সঙ্গে ১২৬টি জয় নিয়ে এই রেকর্ডটি ভাগ করে নিতে হচ্ছিল তাঁকে। তবে এখন তিনি এককভাবে এই রেকর্ডের শীর্ষে।

পিএসজি কোচ হিসেবে এনরিকের পরিসংখ্যান বলছে, ১৮৮টি ম্যাচে তিনি ১২৭ বার জয়লাভ করেছেন এবং ২৭টি ম্যাচে পরাজয় বরণ করেছেন। তাঁর অধীনে দলের জয়ের হার ৬৭.৬ শতাংশ এবং প্রতি ম্যাচে গড়ে ২.২১ পয়েন্ট অর্জন করেছে পিএসজি। তাঁর কোচিংয়ে পিএসজি মোট ৪৫৭টি গোল করেছে, যা লঁরা ব্লাঁর সময়ে করা গোলের চেয়ে ৬৬টি বেশি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন এনরিকের দখলে। তাঁর পেছনে রয়েছেন আরও কয়েকজন নামী কোচ—মিকেল আরতেতা (১২১), পেপ গার্দিওলা (১১৬), ডিয়েগো সিমিওনে (১১০), উনাই এমেরি ও জাবি আলোনসো (১০১)।

পিএসজি টিভিকে কথা বলার সময় এনরিকে বলেন, ‘এই পর্যায়ের একটি ক্লাবকে কোচিং করানো এবং এমন অবিশ্বাস্য খেলোয়াড়দের পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি খুবই আনন্দিত এবং আশা করি প্যারিসে ইতিহাস গড়া অব্যাহত রাখতে পারব।’