ইসরায়েলের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম কার্যদিবসেই স্পিকার আমির ওহানাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলো। এই পদক্ষেপের বিষয়ে বিরোধী শিবিরের পাশাপাশি ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যেও একটি সমঝোতা তৈরি হয়েছে।
গত মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী, ১২০টি আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট ৫৩টি আসন লাভ করেছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এছাড়া আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম মিলে মোট ১৯টি আসন জিতেছে।
ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে ন্যূনতম ৬১টি আসন পেতে হয়। বর্তমান ফলাফল অনুযায়ী, এককভাবে কোনো দল বা জোটই এই সংখ্যা স্পর্শ করতে পারেনি। তবে গাদি আইজেনকটের বিরোধী জোট যদি জয়েন্ট লিস্ট অথবা রাআমের সঙ্গে হাত মেলায়, তবে তারা সহজেই সরকার গঠন করতে সক্ষম হবে।
জোট সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে নানা হিসাব-নিকাশ চলছে। এরই মধ্যে শুক্রবার চ্যানেল ১২-এর একটি টেলিভিশন অনুষ্ঠানে বিরোধী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান তাঁর পরিকল্পনা ব্যক্ত করেন। তিনি বলেন, নেসেটের সদস্যদের শপথ গ্রহণের পর “আমরা প্রথমেই যা করব”, তা হলো নতুন স্পিকার নিয়োগ। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধানদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইসরায়েলের নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সরকার গঠন নিয়ে আলোচনা চলমান থাকলেও নির্ধারিত ওই দিনেই নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পর যদি ইয়াশার, বি’ইয়াচাদ, ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু, জয়েন্ট লিস্ট এবং রাআম একজোট হয়ে কাজ করে, তবে তারা খুব সহজেই বর্তমান স্পিকারকে সরিয়ে দিতে পারবে।
বর্তমান স্পিকার আমির ওহানা লিকুদ পার্টির একজন প্রভাবশালী নেতা এবং বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ। রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি জানিয়েছেন, ওহানাকে সরিয়ে দেওয়ার বিষয়ে ইতিমধ্যে দলগুলোর মধ্যে সমঝোতা হয়ে গেছে। তবে নতুন স্পিকার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। যদিও বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এই পদে নিয়োগ দেওয়া হতে পারে।