ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং এবং শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। তাঁর এই মন্তব্যকে অনেকেই নারীবিদ্বেষী এবং যৌনতাবাদী হিসেবে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছিলেন। তবে এই বিতর্কের বিষয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন তামান্না। তাঁর বর্তমান মনোযোগ সম্পূর্ণভাবে অভিনয় এবং নতুন নতুন কাজের দিকে।
সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এই পুরো বিষয়টি নিয়ে কথা বলেন তামান্না। অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে তিনি কি দর্শকদের কাছে নিজের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করছেন? সেই প্রশ্নের পাশাপাশি আন্নু কাপুরের মন্তব্যের বিষয়েও তাঁর মতামত জানতে চাওয়া হয়।
তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা। তবে কী গ্রহণ করতে হবে আর কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা জরুরি।
নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’
তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন—এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।’
আন্নু কাপুর ঠিক কী বলেছিলেন?
গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আন্নু কাপুর। সেই আলোচনায় তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ক্লিপ নিয়ে কথা ওঠে। উপস্থাপক যখন গানটি সম্পর্কে তাঁর মতামত জানতে চান এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা বলেন, তখন আন্নু কাপুর মন্তব্য করেন, ‘কী দুধের মতো ফরসা শরীর!’
এরপর তামান্নার গানের পাশাপাশি তাঁর শারীরিক সৌন্দর্য নিয়েও কথা বলেন এই অভিনেতা। তাঁর বক্তব্যের মূল সুর ছিল যে, তামান্না তাঁর গান এবং সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। এমনকি তাঁর গান ও উপস্থিতি মানুষের ভালো ঘুমের কারণ হলে সেটিকে দেশের জন্য আশীর্বাদ হিসেবেও উল্লেখ করেন আন্নু।
তবে মন্তব্যের এই ধরন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নেটিজেনদের মতে, একজন অভিনেত্রীর মেধা বা কাজের বদলে তাঁর গায়ের রং ও শরীর নিয়ে এমন মন্তব্য করা অত্যন্ত আপত্তিকর। অনেকেই এই মন্তব্যকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলে অভিহিত করেন।
নতুন সিনেমা ও ভবিষ্যৎ পরিকল্পনা
তামান্নাকে সর্বশেষ ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায় পর্দায় দেখা গেছে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায়। এই ছবিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।