কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উপস্থিতিতে দেওয়া মাত্র দেড় মিনিটের এক বক্তব্যে তিনি মন্ত্রিকে মোট ২৫ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তা চর্চার বিষয়ে পরিণত হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এই কর্মসূচিতে মোট শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইউএনও তানজিলা তাসনিম রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবেন। এই বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য তিনি মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
পাশাপাশি রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার প্রদানের জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভিজিএফ চাল বস্তাবন্দী করার নতুন উদ্যোগের প্রশংসা করে ইউএনও বলেন, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে।
সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল চালুর বিষয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান তানজিলা তাসনিম। তার মতে, এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক হবে। তবে তার পুরো বক্তব্যের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে মন্ত্রীর প্রতি তার সম্বোধনের ধরন; দেড় মিনিটের সংক্ষিপ্ত সময়ে তিনি ২৫ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেছেন।
উল্লেখ্য, তানজিলা তাসনিম এর আগেও এক বিতর্কিত ঘটনায় আলোচনায় এসেছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই ঘটনাটি নিয়ে সে সময় ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।