কমিউনিটি গাইডলাইন বা নিজস্ব নীতিমালা লঙ্ঘনের দায়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ এই বিপুল সংখ্যক ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। টিকটক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছে।
টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে যে, ব্যবহারকারীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসার আগেই টিকটকের নিজস্ব প্রযুক্তির সাহায্যে নীতিমালা লঙ্ঘনকারী ভিডিওগুলোর ৯৯ দশমিক ৮ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়েছে। শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় ৯২ দশমিক ৭ শতাংশ ভিডিও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে পরবর্তীতে পুনরায় যাচাই-বাছাই করার পর ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বব্যাপী পরিসংখ্যানে দেখা গেছে, একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও মুছে ফেলেছে, যা বিশ্বজুড়ে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়েছে। আবার যাচাই করার পর ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।
ভিডিও অপসারণের পাশাপাশি একই সময়ে বিশ্বজুড়ে ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে টিকটক। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী বলে সন্দেহ করা ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্টও প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে ফেলা হয়েছে।