ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত শপিং অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ান-ক্লিক চেকআউটের নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। এই নতুন প্রযুক্তির সহায়তায় ব্যবহারকারীরা এখন ভিডিও দেখার পাশাপাশি টিকটক অ্যাপের মাধ্যমেই বিভিন্ন ব্র্যান্ডের পছন্দের পোশাক ও পণ্য সরাসরি ক্রয় করতে পারবেন।
টিকটকের দেওয়া তথ্য অনুযায়ী, এই নতুন শপিং অ্যাসিস্ট্যান্টটি মূলত একটি কথোপকথনমূলক এআই এজেন্ট হিসেবে কাজ করবে। এটি ব্যবহারকারীদের ইন্টারনেটে তাদের পছন্দের পণ্য খুঁজে পেতে এবং তা কেনার প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করবে। শুধু কেনাকাটার নির্দেশনা দেওয়াই নয়, বরং পণ্যের বিস্তারিত বিবরণ, ডেলিভারির সম্ভাব্য সময়, পণ্যের আকার এবং স্টকে পণ্যটি আছে কি না—সেই সব তথ্য জানিয়ে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা সম্পন্ন করতে সাহায্য করবে এই এআই অ্যাসিস্ট্যান্ট।
টিকটক আরও জানিয়েছে, ব্যবহারকারীরা এখন তাঁদের ‘ফর ইউ ফিড’ থেকে মাত্র এক ক্লিকেই জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সরাসরি কিনতে পারবেন। এর ফলে ঘরে বসেই অত্যন্ত সহজে পছন্দের জিনিস কেনার সুযোগ পাবেন তারা। মূলত টিকটকের নিজস্ব মার্কেটপ্লেস ‘টিকটক শপ’–এর বাইরেও অনলাইন কেনাকাটার পরিধি বিস্তৃত করতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান-ক্লিক চেকআউটের সুবিধা কার্যকর করতে টিকটক ইতিমধ্যে সেলসফোর্স, শপিফাই, শপলাজা ও স্ট্রাইপের মতো খ্যাতনামা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব চুক্তি সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই সমন্বিত উদ্যোগের ফলে টিকটক শপের তুলনায় কেনাকাটার ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন। তবে প্রাথমিকভাবে এই বিশেষ সুবিধাগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।