কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় চলন্ত অবস্থায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, ভ্যানে থাকা রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আগুনের তীব্রতায় কাভার্ড ভ্যানে থাকা বিভিন্ন ধরনের পণ্য পুড়ে যায়। খবর পাওয়ার পরপরই কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতায় আগুন আরও ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কমে আসে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল নিয়ে কাভার্ড ভ্যানটি যখন কুমিল্লা আলেখারচরে পৌঁছায়, তখন হঠাৎ ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। তা লক্ষ্য করে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান। ভ্যানটিতে ওষুধ, জুতা, গাড়ির যন্ত্রাংশ এবং বিদেশি পণ্যসহ বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করা হচ্ছিল।
কুমিল্লার ফায়ার সার্ভিস নিশ্চিত করে জানিয়েছে যে, চলন্ত অবস্থায় রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
দুর্ঘটনা প্রসঙ্গে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আলেখারচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ অনিক বলেন, ‘ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না এলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত। আমাদের চালকের কোনো ক্ষতি হয়নি। তবে আগুনে বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. রবি উল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।