কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভ রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, রিজার্ভ রুম থেকে গ্যাস বের হওয়ার তীব্র শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতির কারণে সেখানে নতুন করে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং জননিরাপত্তায় ওই এলাকার আশপাশের দোকানপাট বন্ধ রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্যানুসারে, রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটের দিকে মল্লিকা ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভ রুমের সেফটি ডিভাইসে লিকেজ হওয়ার কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির।

জানা গেছে, স্টেশন অফিসার শরিফ আহমেদ কবিরের প্রত্যক্ষ নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। যদিও আগুন এখন নিয়ন্ত্রণে, তবে গ্যাস লিকেজের মূল উৎস এবং সেফটি ডিভাইসের ত্রুটি পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত সেখানে যেকোনো ধরনের আগুনের স্ফুলিঙ্গ বা তাপের উৎস থেকে বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে।

অগ্নিকাণ্ডের ফলে ফিলিং স্টেশনের মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরও গ্যাস লিকেজের কারণে পুরো এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে ওই এলাকায় অবস্থান না করার জন্য সতর্ক করা হয়েছে এবং পাশাপাশি পার্শ্ববর্তী দোকানপাটগুলো বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। রাত ১০টার দিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর কাজ চলাকালীন ফায়ার ফাইটার ফুয়াদ হাসান আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার রুহুল আমিন বলেন, “আমরা এখন থেকে আরও সতর্ক থাকব।”

সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির মুক্তকণ্ঠকে জানান, “গ্যাস রিজার্ভ রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি এবং আমাদের একজন সহকর্মী আহত হয়। তাকে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আশপাশের দোকানগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছে। যেহেতু কেউ সিগারেট জ্বালালে এখানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে।”