কারিগরি ত্রুটি মেরামতের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর অবশেষে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৫৬ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি ঢাকার পথে রওনা দেয়। ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়েছিল।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের কারিগরি ত্রুটি ধরা পড়ার পর প্রকৌশলীরা অবিলম্বে তা মেরামতের কাজ শুরু করেন। পরবর্তীতে বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ফ্লাইটটির ত্রুটি সারাতে সক্ষম হয়।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।