জাপানের চার দিনের রাষ্ট্রীয় সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) মধ্যরাত ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিশেষ আমন্ত্রণে এই সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।
এই গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান। তাদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও এই জাপান সফরে অংশ নিচ্ছেন।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। এই বৈঠকে দুই দেশের বর্তমান সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে। এছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী এবং জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে অংশ নেবেন তিনি।