নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে গুরুদাসপুরের পুরানপাড়া কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে নিহত শাকিল ইসলামের কবর জিয়ারত করেন তারা। পরে শাকিলের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

কবর জিয়ারত ও সমবেদনা জ্ঞাপন শেষে কেন্দ্রীয় নেতারা বলেন, শাকিল ইসলাম ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। বিগত ১৫-১৭ বছর ধরে বহু নির্যাতন সহ্য করলেও তিনি অন্যায়ের সঙ্গে কোনো আপস করেননি।

নেতারা অভিযোগ করে বলেন, এলাকায় জামায়াত নেতারা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যারা বিগত দিনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে এবং হত্যা করেছে। শাকিলকে যারা বা যাদের ইন্ধনে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। বিচারের প্রয়োজনে আমরা দলীয় প্রধান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শরণাপন্ন হব, তবুও এই হত্যাকাণ্ডের বিচার করা হবে।

তারা আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় সাবেক সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে, তারা যতই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না এবং সবার উপযুক্ত বিচার করা হবে।