জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদ সতর্ক করে বলেছেন যে, বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়েও অনেক বেশি ভয়াবহ হতে পারে। তাঁর মতে, বর্তমান সরকার যদি দেশের সাধারণ মানুষের স্বার্থের বিপরীতে অবস্থান নেয়, তবে তাদের এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা আওয়ামী লীগের পতনের চেয়েও মারাত্মক হবে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানে আয়োজিত এক গণসংযোগ কর্মসূচিতে কথা বলার সময় তিনি এই কঠোর মন্তব্য করেন।
আওয়ামী লীগের বর্তমান অবস্থার উদাহরণ টেনে হান্নান মাসউদ বলেন, ‘গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় এখন বাংলার মানুষের মলমূত্র ত্যাগের স্থানে পরিণত হয়েছে। আমরা এই উদাহরণ দিয়ে বর্তমান সরকারকেও বলছি, আপনারা দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালে, দেশের মানুষের বিপরীতে অবস্থান নিলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো হবে না।’
নেতৃত্বের নৈতিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘আপনারা চারিত্রিকভাবে প্রত্যেকেই বারবার এ দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। এ দেশের মানুষ যোগ্য বিকল্প পায়নি বলে আপনাদেরকে বারবার ক্ষমতায় নিয়ে এসেছে। ক্ষমতায় আসার পরে আপনাদের যেই গরম, আপনাদের যেই ক্ষমতা এতে খুবই আশ্চর্য হই। তখন আপনাদের এই দম্ভোক্তি এই গরম কোথায় ছিল?’
বেগম খালেদা জিয়ার বন্দি জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে মাসউদ বলেন, ‘যখন বালির ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে গুলশানের ফিরোজাবাসায় ৯০ দিন আটক করে রেখেছিল, আপনাদের সব নেতা মিলে একটা বালির ট্রাক সরাতে পারেন নাই। আপনারা এখন অনেক দম্ভোক্তি দেখিয়েছেন, আপনাদের কত দম্ভোক্তি আর কত গরম সেটা জানি।’
বিএনপির নেতৃত্বের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ‘আপনারা তারাই যারা ‘আমার নেত্রী আমার মা’ স্লোগান দিতে দিতে শেখ হাসিনার কারাগারে বেগম খালেদা জিয়াকে পৌঁছে দিয়েছেন। টানা পাঁচ বছরে বেগম খালেদা জিয়া জেলের ভেতরে ধুকে ধুকে মরেছে, বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে পারেননি। আপনাদের এই নেতৃত্ব, এত বড় সংগঠন, এত বড় বড় নেতারা একদিনের জন্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড় একটা প্রোগ্রাম পর্যন্ত করতে পারেননি, শেখ হাসিনাকে একদিনের জন্য চাপে ফেলতে পারেননি।’