রাজধানীর হকারদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ না করেই উচ্ছেদ অভিযান চালানো এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার।

আজ বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্থানের জিপিও মোড়ে এক গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কর্মসংস্থান ও হকার উচ্ছেদ প্রসঙ্গে ইসহাক সরকার বলেন, “হকারদের কোনো বিকল্প কর্মসংস্থান না করেই উচ্ছেদ করা হচ্ছে। অথচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না।”

দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, “নাটোরে এমপির পুত্রের নির্দেশনায় ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এছাড়া গত আট মাসে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে ৩০০ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।” যে দলের নেতাকর্মীরা নিজেদের দলের মানুষের কাছেই নিরাপদ নন, তারা দেশের সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা প্রদান করবেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

নিজের রাজনৈতিক জীবন ও অভিজ্ঞতার কথা স্মরণ করে ইসহাক সরকার বলেন, “আমি একসময় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং ফ্যাসিবাদী সরকারের আমলে ১০ বছর কারাভোগ করেছি। কিন্তু বর্তমানে দলটি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। স্থান পেয়েছে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও প্রতিষ্ঠান দখলের মতো অপকর্ম। যার ফলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।”