হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনা দে আরমাস তাঁর ব্যক্তিগত জীবনের নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্যারিস ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। এই ছবিগুলোর মধ্যে ছিল সাধারণ সাজের সেলফি, সাদা শার্ট ও চশমা পরে আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত এবং বিভিন্ন মুখরোচক খাবারের দৃশ্য। তবে সব ছবির ভিড়ে শেষ ছবিটিই সবচেয়ে বেশি আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। সেখানে একটি রাজকীয় নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ড দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে আনা ও বেতোর নাম। ভেনেজুয়েলার খ্যাতনামা সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোকে ছবির ফ্রেমে সরাসরি না রাখলেও, এই কার্ডের ছবির মাধ্যমেই ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী যেন তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরোক্ষভাবে জানিয়ে দিলেন।
আনা ও বেতোর একসঙ্গে থাকার বিষয়টি প্রথম সামনে আসে চলতি বছরের জুলাই মাসে। এরপর আগস্ট মাসে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটাতে গিয়ে তাঁদের অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেখানে তাঁরা একে অপরের হাত ধরে হাঁটছিলেন এবং একে অপরকে চুম্বন করছিলেন। এমনকি সূর্যাস্তের সময় নৌকায় তাঁদের কাটানো কিছু রোমান্টিক মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। সম্পর্কের এই ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হয় ৬ অক্টোবর, যখন প্যারিস ফ্যাশন উইকের লুই ভুইতোর ফ্যাশন শোতে তাঁরা একসঙ্গে উপস্থিত হন। শো শেষ করে তাঁরা একটি জমকালো পার্টিতেও অংশ নেন।
বেতো মন্টেনেগ্রো মূলত রাওয়ায়ানা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী এবং গিটারবাদক। ২০০৭ সালে গঠিত এই ব্যান্ডটি লাতিন সংগীতের জগতে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে দলটি আন্তর্জাতিক সফরের মধ্য দিয়ে যাচ্ছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি সফল পরিবেশনা সম্পন্ন করেছে এই ব্যান্ডটি।
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে প্রেমে পড়ার খবরটি এমন সময়ে সামনে এল, যখন টম ক্রুজের সঙ্গে আনার বিচ্ছেদের প্রায় এক বছর পূর্ণ হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল।