জাতীয় বিদ্যুৎ গ্রিডে যান্ত্রিক ত্রুটির প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের পর সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন পর্যায়ক্রমে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৩ টার দিকে জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকা।

পিজিসিবি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, দুপুর আড়াইটায় জাতীয় গ্রিডের রিস্টোরেশন কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রগুলো চালু রয়েছে। পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিংও কমে আসবে।

অনাকাঙ্ক্ষিত এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

তিনটার দিকে রাজধানীর কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পর্যায়ক্রমে ফিরছে বিদ্যুৎ। বাসিন্দারা জানিয়েছে, ঢাকায় এত সময় বিদ্যুৎ না থাকার রেকর্ড নাই। সাধারণত ঢাকায় বিদ্যুৎ গেলে ১ ঘণ্টা বা তারও কম সময় লাগে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়, আর ফিরে আসে আড়াইটারও পর। বিদ্যুতের এই বিভ্রাটে বাসিন্দাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।