দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিট অচল হয়ে পড়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে কেন্দ্রটির দুটি ইউনিট সচল থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ৫০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই কেন্দ্রটির তিনটি ইউনিটই বর্তমানে অকার্যকর।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, কেন্দ্রটির মোট তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি ওভারহোলিং বা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে। অন্যদিকে, সচল থাকা ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি গতকাল সোমবার ভোর পৌনে ৬টায় এবং ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বন্ধ হয়ে যায়।

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটগুলো সচল থাকাকালীন ৩ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ১৬০–১৭০ মেগাওয়াট এবং ১ নম্বর ইউনিট থেকে ৫০–৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এই দুটি ইউনিটকে কার্যকর রাখতে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হতো।

এই বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির যান্ত্রিক ত্রুটি দূর করার জন্য একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। খুব দ্রুত মেরামতকাজ শেষ করে ইউনিটগুলো পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।