দেশের একটি বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে হঠাৎ করেই ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিপর্যয়ের ফলে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও বিদ্যুৎ নেই। তবে এই ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে জানানো হয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা যেমন— ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বেশ কিছু স্থানে বিদ্যুৎ নেই। এছাড়া মগবাজার, বনশ্রী এবং খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, “এখনো কারিগরি কারণ জানা যায়নি। ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে।”