পিরোজপুর সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত চিতলিয়া গ্রাম। এই গ্রামেই গত শনিবার গভীর রাতে চরম ভয় ও আতঙ্কের পরিবেশের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পারিবারিক কবরস্থানে দাফন করেছেন তাঁর স্বজনরা। সেই সময় সেখানে পুলিশের উপস্থিতিও ছিল।

সোমবার দুপুর ১২টার দিকে মানিক পশারীর বাড়িটিতে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। চারদিকে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। বাড়ি থেকে কিছুটা সামনে এগোলে পাওয়া যায় মানিকের বোন হেনার বাড়ি। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর তিনি বাইরে বেরিয়ে আসেন। তবে ভাইয়ের মৃত্যু এবং দাফন প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। কথা বলতে বলতে একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।