কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকচালকের নাম সাবের মিয়া। তিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার লোকমান হাকিমের ছেলে।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নুরুল আবসার মুক্তকণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’






