ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যে কোনো আসরে বাংলাদেশের এটি প্রথম জয়।

ম্যাচের চার মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পরই ফাহিম দ্বিতীয় গোল করেন। ২-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

দুই গোল হজম করে ফিজি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। বাংলাদেশ ১৯ এবং ২১ মিনিটে আরও দুটি সুযোগ পেলেও দুটি বলই বারে লেগে গোলবঞ্চিত হয়। পরে প্রথমার্ধের দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ফিজি খেলায় ফেরে। তবে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বায়েজিদ আরেকটি গোল করলে ৩-১ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

প্রতিযোগিতায় পাঁচ ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটি হার দেখেছে বাংলাদেশ।

ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে। আজারবাইজানের বাকুতে ৩২টি গ্রুপে ১৮৯টি দল অংশ নিচ্ছে। ৩২টি গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।