দেশের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা ও সমন্বয়ের লক্ষ্যে একযোগে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া এই কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উক্ত আদেশে উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলীর স্বাক্ষর রয়েছে।

মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, “প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।”

আদেশে আরও বলা হয়েছে যে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

একই সঙ্গে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই বিশেষ বদলি নির্দেশ জারি করা হয়েছে।