বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন ও বিচার বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এই স্বীকৃতি আইন শিক্ষার গুণগত মান এবং নির্ধারিত একাডেমিক মানদণ্ড পূরণে বিভাগের অবস্থানকে আরও সুসংহত করেছে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক কার্যক্রমের গুণগত মান যাচাই এবং অ্যাক্রেডিটেশন প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। নির্ধারিত মানদণ্ড ও মূল্যায়নপ্রক্রিয়ার ভিত্তিতে অ্যাক্রেডিটেশন প্রদান করা হয়।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি আইন শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে বিইউবিটির আইন ও বিচার বিভাগের একাডেমিক কার্যক্রমের গুণগত মান মূল্যায়নের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জিত হয়েছে। বিভাগটি ভবিষ্যতেও মানসম্মত আইন শিক্ষা ও একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেবে।