ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েব ফোরামে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে এক থ্রেট অ্যাক্টর। থ্রেট ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট ডেইলি ডার্ক ওয়েবের রিপোর্ট অনুযায়ী, অ্যাক্টর ৪১টি গ্রাহক রেকর্ডের স্যাম্পল পোস্ট করেছে। এতে গ্রাহকের নাম, অ্যাকাউন্ট নম্বর, ঠিকানা এবং মোবাইল নম্বর রয়েছে। পুরো ডাটাবেস বিক্রি বা অ্যাক্সেসের জন্য অফার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এটি এখনও অযাচাইকৃত থ্রেট-অ্যাক্টর ক্লেইম। ডেসকো এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইউটিলিটি কোম্পানির গ্রাহক ডেটা সাধারণত ভুয়া বিল, সংযোগ বিচ্ছিন্নের হুমকি বা প্রতারণামূলক কলের জন্য ব্যবহৃত হয়। অ্যাকাউন্ট নম্বর থাকায় এসব বার্তা আরও বিশ্বাসযোগ্য মনে হতে পারে।
বাংলাদেশে সম্প্রতি সাইবার নিরাপত্তা সংস্থা সাইবারস্টেশন ১৮ লাখের বেশি ব্যবহারকারীর তথ্য ডার্ক ওয়েবে পাওয়ার রিপোর্ট দিয়েছে। এর আগে ২০২৪ সালেও ডেসকোর প্রায় ১ লাখ ১০ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে পাওয়ার কথা উল্লেখ করেছিল বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স (বিসিএসআই)। তবে বর্তমান দাবিটি নতুন এবং স্যাম্পলসহ উপস্থাপিত হওয়ায় এটি আলাদা করে যাচাই প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের গ্রাহক তথ্য ফাঁস হলে ব্যক্তিগত প্রতারণা ছাড়াও সেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকে। গ্রাহকদের অপরিচিত নম্বর থেকে আসা বিল বা সংযোগ সংক্রান্ত কল বা মেসেজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।