তিন বছর আগে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং নতুন মুখ নাজনীন নীহাকে নিয়ে প্রথম নাটক নির্মাণ করেছিলেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘মনদুয়ারি’ নামের সেই নাটকটিই ছিল নাজনীন নীহার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার কারিগর। এরপর এই জুটিকে দর্শক আরও একবার ‘মেঘবালিকা’ ও ‘মায়া পাখি’ নাটকে দেখার সুযোগ পান। প্রতিটি কাজই দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ইউটিউবের সিএমভি চ্যানেলে মুক্তি পেয়েছে এই জুটির নতুন নাটক ‘ভালো আছো তো’। নাটকটি মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৫০ লাখ দর্শক দেখে ফেলেছেন এবং দুই দিনের মাথায় ভিউ সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে।
শনিবার মুক্তকণ্ঠর সঙ্গে আলাপকালে পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘শুরু থেকেই নতুন এ জুটিকে নিয়ে আলাদা কিছু করার পরিকল্পনা করেছিলাম। সেই ধারাবাহিকতা এখনো বজায় রাখার চেষ্টা করেছি। যে কারণে প্রতিটি নাটকের গল্প, উপস্থাপনায় নতুনত্ব রাখার চেষ্টা করেছি। দর্শক যেন না বলেন, একই রকম লাগছে, সেই জায়গা থেকে সাবধান হতে হয়েছে।’
নতুন এই নাটকের কাহিনীতে দেখা যায় নবনীতা নামের এক তরুণীকে, যে শিশুদের স্কুলের শিক্ষক। একদিন স্কুল থেকে বের হওয়ার পর সে লক্ষ্য করে রাস্তার পাশে গাড়ি থামিয়ে একজন ব্যক্তি চা খাচ্ছেন। দুজনের দৃষ্টি একে অপরের ওপর পড়ে এবং তারা অবাক হয়ে তাকিয়ে থাকেন। একপর্যায়ে মেয়েটি মুখে রাগের অভিব্যক্তি নিয়ে অন্য পথ দিয়ে চলে যেতে শুরু করে। ছেলেটি পেছন থেকে ‘নবনীতা’ বলে ডাকতে ডাকতে তার পিছু নেয় এবং এক পর্যায়ে নবনীতার গলা টিপে ধরে। এভাবেই শুরু হয় ‘ভালো আছো তো’ নাটকের গল্প। নাটকের এই দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা।
জাকারিয়া সৌখিনের নির্দেশনায় এই জুটির চতুর্থ নাটকটি প্রচারের পর আবারও দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। দর্শকদের এই বিপুল ভালোবাসা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি সব সময়ই আমার মতো করে গল্পটা বলতে চাই। সেখানে দর্শকদের কথাও মাথায় রাখতে হয়। আমাদের দর্শকেরা একটু সহজ–সরল। তাঁরা দেখতেও চান সহজ–সরল গল্প। সেই গল্পই সহজ–সরলভাবে বলতে চাই। অপূর্ব–নীহার এই রসায়নই হয়তো এ জুটিকে পছন্দের কারণ।’
পরিচিতি পাওয়া একই জুটি নিয়ে কাজ করে সফল হওয়া যেমন সহজ, তেমনি এর সাথে জড়িয়ে থাকে বড় চ্যালেঞ্জ। আগের নাটকের ভিউয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে না পারলেও নাটকের বিভিন্ন অনলাইন গ্রুপে এই নাটকের সফলতা ও ব্যর্থতা নিয়ে নানা আলোচনা চলছে। পরিচালক এই বিষয়টি সম্পর্কে অবগত। তিনি বলেন, ‘সব সময় আগেরটাকে টপকে যাওয়ার চেষ্টা থাকে। এই চ্যালেঞ্জ আমি ও অপূর্ব নিতেও পছন্দ করি।’
উল্লেখ্য, জাকারিয়া সৌখিনেরই পরিচালনায় এই জুটির পঞ্চম নাটক ‘দূরের মানুষ’ খুব শীঘ্রই প্রচারের অপেক্ষায় রয়েছে।