আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে ভারত। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভের মাধ্যমে তারা প্রথম দল হিসেবে ২০০ জয়ের ক্লাবে প্রবেশ করেছে। এই ২০০টি জয় অর্জনে ভারতকে মোট ৩০০টি ম্যাচ খেলতে হয়েছে, যেখানে তাদের জয়ের হার দাঁড়িয়েছে ৭১.২০ শতাংশে।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করলে এক চমকপ্রদ তথ্য সামনে আসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০টি জয় রয়েছে মাত্র ৯টি দলের। এই অভিজাত তালিকায় নবম স্থানে রয়েছে আফ্রিকান দেশ উগান্ডা, যাদের মোট ১০১টি জয় রয়েছে। আর যদি কেবল জয়ের সংখ্যা নয়, বরং জয়-হারের অনুপাতের দিকে তাকানো হয়, তবে দেখা যাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সব দলের মধ্যেই উগান্ডা বর্তমানে এক নম্বরে অবস্থান করছে।

এখন পর্যন্ত মোট ১৩১টি ম্যাচ খেলেছে উগান্ডা। এর মধ্যে ১০১টি ম্যাচে জয়লাভ করার অর্থ হলো, প্রতি একটি হারের বিপরীতে তারা গড়ে ৩.৭৪টি ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে, সবচেয়ে বেশি ম্যাচ জয়ী ভারত জয়-হারের অনুপাতের হিসেবে উগান্ডার চেয়ে বেশ পিছিয়ে, তাদের এই অনুপাত ২.৪০৯।

মজার বিষয় হলো, উগান্ডা ছাড়া অন্য কোনো দলেরই জয়-হারের অনুপাত ২-এর ঘরে নেই। এমনকি আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশের চিত্র আরও করুণ। বাংলাদেশ মোট ২২২টি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে মাত্র ৮৯ বার, ফলে তাদের জয়-হারের অনুপাত দাঁড়িয়েছে ০.৬৯৫-এ।

ভারতের পাশাপাশি গতকাল মাঠের লড়াইয়ে ছিল উগান্ডাও। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে মোজাম্বিককে ১০ উইকেটে পরাজিত করেছে তারা। মোজাম্বিককে মাত্র ১৯ রানেই গুটিয়ে দেয় উগান্ডা এবং মাত্র ৫ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা এই দলটি। রান তাড়া করে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয় সেরা পারফরম্যান্স। এই তালিকার শীর্ষে রয়েছে স্পেন, যারা ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখেই জয়লাভ করেছিল।

তবে উগান্ডার এই আকাশচুম্বী জয়-হার অনুপাতের পেছনে প্রতিপক্ষের মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। উগান্ডা সাধারণত খুব বেশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পায় না। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে তারা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে উগান্ডার অভিজ্ঞতার ঝুলিতে ম্যাচ রয়েছে মাত্র এই পাঁচটি।

পরিসংখ্যান অনুযায়ী, উগান্ডা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে রুয়ান্ডার বিপক্ষে, যার সংখ্যা ২৩টি। দ্বিতীয় সর্বোচ্চ ২১টি ম্যাচ তারা খেলেছে কেনিয়ার বিপক্ষে। উল্লেখ্য, আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এই দুই দলের কেউই শীর্ষ ৩০-এর মধ্যে নেই; রুয়ান্ডা বর্তমানে ৫৩তম এবং কেনিয়া ৩৩তম অবস্থানে রয়েছে।