নোয়াখালীর সোনাইমুড়ীতে এক চা দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা কালো পোশাক এবং হেলমেট পরিহিত ছিল। এই অতর্কিত হামলায় ওই বৃদ্ধের বাম পা ও উরুতে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় অবস্থিত সালাউদ্দিনের চায়ের দোকানে এই হামলা চালানো হয়।
গুলিবিদ্ধ জামাল উদ্দিন ওই গ্রামেরই মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামাল উদ্দিন একসময় প্রবাসে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেছিলেন। বর্তমানে তার একাধিক ছেলে প্রবাসে অবস্থান করছেন। শনিবার রাতে তিনি তার বাড়ির পাশে বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। ঠিক সেই মুহূর্তে কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তার বাম পা ও উরুতে গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, “রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার বাম পা ও উরুতে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।”
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে থাকা অবস্থায় দুজন ব্যক্তি হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি করেন। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।”