নোয়াখালীর সোনাইমুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাবা ও ছেলে উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন শনিবার (৩ অক্টোবর) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শুক্রবার বিকেলে আব্দুল মান্নান ও তার ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার হওয়া সাব্বির আহমদ উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় পুলিশ সাব্বির আহমদকে গ্রেপ্তার করে। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান, সেখানেই পুলিশ তাকেও গ্রেপ্তার করে। তবে পরিবারের দাবি, এর আগে বাবা-ছেলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, "গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"